নওগাঁ প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নওগাঁ সরকারি কলেজে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় নওগাঁ সরকারি কলেজ চত্বর থেকে চার ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। প্রথম দুই দিন পুরো কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে এবং পরবর্তী সময়ে প্রতিদিন এক ঘণ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।
অভিযানে থার্মাল ফগার মেশিন ব্যবহার করে পুরো ক্যাম্পাস ও আশপাশের শিক্ষার্থীদের মেস, বাসাবাড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক বলেন, “বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, একাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন। সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর বিস্তার রোধে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, “কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং আগামীকালও চলবে। এরপর প্রতিদিন এক ঘণ্টা করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীসহ জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। মনে রাখতে হবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।”
তাজুল ইসলাম তাজ আরও বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদের সচেতন করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক, সাধারণ সম্পাদক সজীব হোসেনসহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

