ঝালকাঠি প্রতিনিধি
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সরকারি কর্মকর্তা কিংবা দলের কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। বর্তমান সরকারের আমলে কেউ যেন দুর্নীতির কথা চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা হোক কিংবা দলীয় কোনো নেতাকর্মী—দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটি প্রধানমন্ত্রীর ঘোষণা। গত সাত মাসে সরকার দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেয়নি। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি।
সভায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অহেতুক আড্ডা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রশাসনের কর্মকর্তাদের রাস্তায় নেমে তাদের বোঝানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকা উচিত।’
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়নাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

