কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক অমিত রায় বলেন, “শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনসহ অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”

