হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত অপসারণ করলে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
অভিযানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

