ঝালকাঠি প্রতিনিধি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তাঁর দাবি, অযোগ্য মন্ত্রীদের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ঝালকাঠি জেলা জামায়াত।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নয়তো এ দেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করতে হবে। দুনিয়ার জীবন চূড়ান্ত ঠিকানা নয়, পরকালই মানুষের আসল ঠিকানা। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে রুকনদের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মানুষের কাছে যেতে হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।
সম্মেলনে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা দাবি করেন, সরকার কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে ঘোষণা দিলেও ইতোমধ্যে কোরআনবিরোধী হেবা আইন পাস করেছে। আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বক্তারা বলেন, কোরআনকে সংবিধান হিসেবে না মানার বক্তব্য কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।
বক্তারা আরও দাবি করেন, ‘ফ্যাসিবাদী’ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের ভাষ্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণের দ্বারে দ্বারে গিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।
ঝালকাঠি জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
সম্মেলন সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জানব মুহাম্মদ ফরিদুল হক।

