ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাচৈর ৯৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আল মামুন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তন্বী আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসচিব মো. শহীদুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সহসভাপতি সৈয়দ মো. রাকিব।
অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মো. সাইমুন ইসলাম জিতুন, মদিনা জাহান, সৈয়দ তাসনীম জাহান, আশারা খাতুন, তাসনীম রহমান ও স্মৃতি রানী।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ভাবনা শিকদার ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছে। জাতীয় কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষার্থী আব্দুর রহমান। কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকেও অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আল মামুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এসব কার্যক্রমে শিক্ষার্থীদের সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

