জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার আবু সাঈদ (২৭) ও রাব্বী হোসেন (২৭)।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় সাজেদা ইসলাম সাজুকে মুখে কসটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
মামলার নথি ও পুলিশের বক্তব্য অনুযায়ী, সাজেদার মেয়ের স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন আসামি আবু সাঈদ। সেই সুবাদে সাজেদার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নূর-ই-আলম সিদ্দিক।

