চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারঘাট উপজেলার মোক্তারপুর পাকিয়ান এলাকার আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে হাতেম আলী (৩০)।
পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই তাসেমসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর নাওদাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোলাপের চায়ের দোকানের সামনে পাকা সড়কে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতর তিনটি প্লাস্টিকের ছোট বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯৯ নম্বরের ট্রাকটি জব্দ এবং সুমন আলী ও হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২৭ বোতল ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিল ও জব্দ করা ট্রাক আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

