রুয়েট প্রতিনিধি
মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান, তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার পর এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং তাদের বরাদ্দকৃত সিট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃত চার শিক্ষার্থীই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। তাদের মধ্যে দুজন ২১ সিরিজের এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর মাদক সেবনের অভিযোগ ওঠে। তবে অভিযানকারী দল হলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষটি ত্যাগ করেন। পরে কক্ষটি পরিদর্শন করে গাঁজা সেবনের আলামত পাওয়ার কথা জানানো হয়।
অভিযানের পর বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদন পর্যালোচনা করে চার শিক্ষার্থীর বিরুদ্ধে আবাসিক সিট বাতিল ও হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশ অনুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হলের আসন ছেড়ে দিতে হবে।

