অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সী স্টার নামের একটি হোটেলে ৩৯ নম্বর কক্ষ বুক করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি বিকাশের দোকান থেকে ৩০ হাজার টাকা রিচার্জ করার তথ্যও পাওয়া যায়।
তিনি আরও জানান, রাসেল ৪৪তম বিসিএসের গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়া নামটি পরিবর্তন করে নিজের নাম মো. রাসেল হাওলাদার হিসেবে দেখানোর চেষ্টা করেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে।
পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রতারণার সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।

