আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ৩য় শ্রেণির কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সংস্থার দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
গতকাল বিকেল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক জি. এম. গোলাম রব্বানীকে সভাপতি এবং উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মো. আকবর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোদাচ্ছের বিল্যাহ এবং শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আহসান হাবীব। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা কর্মচারীদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

