আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) প্রাপ্ত ১৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার সব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
‘আলোকিত আশাশুনি’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। সম্মানিত অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।
আলোকিত আশাশুনির আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে এবং প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনসহ আমন্ত্রিত অতিথিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আলোকিত আশাশুনির সদস্য সচিব প্রভাষক জাকির হোসেন ভুট্ট, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম এবং সংবর্ধিত শিক্ষার্থী তাহসিন তাছনিম তোয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিথিরা ১৪৮ জন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

