পলাশ (নরসিংদী) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। গ্রামের নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে সারা দেশে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের হলরুমে ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে গ্রামের নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাআল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করা হবে।”
সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে সত্যের পরিবর্তে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপপ্রচার যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের রাজনীতি করি। কিন্তু যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।”
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়।

