হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের জাইটপাড়া গ্রামের পদ্মা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীতীরবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর পদ্মার ভাঙনে নদীতীরবর্তী এলাকার মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে বসতবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। ইতোমধ্যে অনেকের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একটি সরকারি বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে। পাশাপাশি স্থানীয় সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারা বলেন, ভাঙন অব্যাহত থাকলে এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
জাইটপাড়া গ্রামের সাবেক শিক্ষক মো. আব্দুল বারি বলেন, “দীর্ঘদিন ধরে নদীভাঙনে কবলিত ও অবহেলিত এই এলাকাটি রক্ষায় একটি বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। দ্রুত কাজ শুরু করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।” একই সঙ্গে ভাঙন থেকে এলাকাটি রক্ষায় বরাদ্দ বাড়ানোরও দাবি জানান তিনি।
গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর বলেন, “আমার ২২ বিঘা জমিতে ফসল চাষ করে পরিবার চালাতাম। নদীভাঙনে সেই ২২ বিঘা ফসলি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন কোনো উপায় না পেয়ে হরেক মালামালের ব্যবসা করছি। আমরা এখনো নদীর তীরে বসবাস করছি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে আমাদের বসতবাড়িও নদীতে বিলীন হয়ে যাবে।”
মানববন্ধন থেকে পদ্মা নদীর ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ, নদীতীরবর্তী মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ এবং প্রস্তাবিত বাঁধ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

