Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাটির নিচে পুঁতে রাখা ১ কোটি টাকার কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া প্রায় ১ কোটি টাকা মূল্যের শতবর্ষী কষ্টিপাথরের কালীমূর্তি মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া স্বর্ণালংকার, রৌপ্যালংকার ও পিতলের প্রতিমাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের আসাদুজ্জামান সাদ্দাম (৩৮), তার মা সাজেদা বেগম (৬৫), বোয়ালমারীর কান্দাকুল গ্রামের আল আমিন মোল্লা (২৪) এবং বোয়ালমারী বাজারের জুয়েলারি ব্যবসায়ী আতিয়ার রহমান। পুলিশের দাবি, আতিয়ার রহমান চুরি করা স্বর্ণালংকার কেনা ও গলানোর সঙ্গে জড়িত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে মন্দির তালাবদ্ধ করে যান সেবায়েত কুশল চক্রবর্তী। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে মন্দিরে গিয়ে দেখা যায়, তালা কেটে ভেতরে থাকা প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের কালীমূর্তি চুরি করা হয়েছে। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

এ ছাড়া মূর্তির গায়ে থাকা পাঁচ ভরি স্বর্ণালংকার, যার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ৩০ ভরি রৌপ্যালংকার ও পিতলের প্রতিমাও চুরি হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি যৌথ দল তদন্ত শুরু করে।

পুলিশ সুপার জানান, শুরুতে কোনো নির্দিষ্ট সূত্র না থাকলেও তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেয় যৌথ দল। পরে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ির পেছনের মাটির নিচে পুঁতে রাখা কষ্টিপাথরের কালীমূর্তিটি উদ্ধার করা হয়। এছাড়া সাজেদা বেগমের রান্নাঘরের মাটি খুঁড়ে চুরি যাওয়া অলংকার ও পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। একটি জুয়েলারি দোকান থেকে গলিয়ে তৈরি করা আট আনা স্বর্ণও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, আসাদুজ্জামান সাদ্দামের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ১০টি এবং আল আমিনের বিরুদ্ধে আটটির বেশি মামলা রয়েছে।

উদ্ধার করা সব আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।