অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’—এই দাবিকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব ও পরিবেশ সংগঠক নজরুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নদী ও পরিবেশ রক্ষায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দূষণ বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্ধারমানিক নদীসহ দেশের সব নদীর সীমানা নির্ধারণ করে দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে আন্ধারমানিক নদীর দুই তীরের ইটভাটা অপসারণ, নদীর পরিচিতি তুলে ধরে দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন এবং নদী দখলকারীদের নাম প্রকাশের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, আন্ধারমানিক নদী ইলিশের গুরুত্বপূর্ণ অভয়াশ্রম। এ নদীর নাব্যতা রক্ষায় যেকোনো মূল্যে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। নদীকে নদীর মতো রাখতে পানিপ্রবাহে সৃষ্ট সব ধরনের মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

