কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৫০) নামে এক নারীকে হত্যা করে বাড়ির পাশের পুকুরে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কয়েলের বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরা বেগম ওই এলাকার মৃত হানিফ শিকদারের দ্বিতীয় স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হোসনে আরার একমাত্র ছেলে মো. হাসিব শিকদার মাকে ঘরে রেখে ইজিবাইক নিয়ে ভাড়ায় ট্রিপ দিতে বাগেরহাট শহরে যান। রাত ৮টার দিকে প্রতিবেশী বিমলের স্ত্রী হোসনে আরার ঘরের ফ্রিজে দুধ রাখার জন্য এসে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বিষয়টি নিহতের বড় সতীন-পুত্রবধূ হীরা আক্তারসহ স্বজনদের জানান।
পরে স্বজনরা হোসনে আরাকে খুঁজতে শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে হাসিব ট্রিপ শেষে বাড়িতে ফিরে মাকে ঘরে না পেয়ে তিনিও খোঁজাখুঁজিতে যোগ দেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে হোসনে আরার মরদেহ ভাসতে দেখা যায়। পরে হাসিবের সৎ ভাই হারুনসহ স্থানীয়রা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর হাসিব জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
খবর পেয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহবুবা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

