অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর একে একে আরও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বলে সহপাঠীরা জানিয়েছে।
হাইস্কুলসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নেওয়া হয়। পরে দ্রুত তাদের কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা পর্যন্ত অন্তত ২৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অচেতন হয়ে পড়ে। সন্তানদের অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা।
একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ে ক্লাসের মাঝামাঝি সময়ের বিশ্রামের সময় একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। এরই মধ্যে বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং বলেন, ‘মেডিকেল সায়েন্সে এটিকে মাস সাইকোজেনিক ইলনেস বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়তে পারে। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়। তবে ভয় পাওয়ার তেমন কিছু নেই। সবাইকে সাধ্যমতো যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে।’

