দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ঘাস ও খড়ের ভেতর থেকে উদ্ধার হওয়া নিখোঁজ যুবক রাজা বিশ্বাস (২৫) হত্যার ঘটনায় তার বন্ধু রিফাজ হোসেন (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে আর্থিক সংকটে পড়েছিলেন রিফাজ। সেই টাকা জোগাড় করতে বন্ধু রাজাকে মাঠের মধ্যে ডেকে নিয়ে হত্যা করে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয়।
গ্রেপ্তার রিফাজ হোসেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সফেদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা বিশ্বাস সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হন। পরদিন মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে নিজের জমিতে কাজ করতে যাওয়ার সময় কয়েকটি শিয়ালকে ঘাস ও খড়ের ভেতর থেকে মরদেহ টানাটানি করতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলের পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতঘড়ি ও পরনের পোশাক দেখে পরিবারের সদস্যরা রাজাকে শনাক্ত করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ নিহতের বন্ধু রিফাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রিফাজ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাজাকে ডেকে নিয়ে মাদক সেবনের পর জাল বা নেটজাতীয় বস্তু দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে রাজা বিশ্বাসের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। হত্যার পর মরদেহ খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা ইমাম আলী বাদী হয়ে বুধবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহ উদ্ধারের সময় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে রিফাজ নামে একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।”
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে রিফাজ আর্থিক সংকটে পড়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ছবি: পুলিশের হাতে গ্রেপ্তার রিফাজ।

