ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
“কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতীকীভাবে কৃষক স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের প্রান্তিক কৃষকদের সরকারি কৃষি সেবা নিশ্চিত করতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী কার্যক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
আত্রাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পতিসর ব্লকের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সরকারি সেবা গ্রহণে কৃষক স্মার্ট কার্ডের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে প্রতীকী কৃষক স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

