চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।
তিনি বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। তাই প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ‘The Age of Longevity: Rethinking Systems for Longer Lives’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীণদের জন্য বিদ্যমান ব্যবস্থাগুলোকে নতুনভাবে ভাবতে হবে। পাশাপাশি তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সমাজে যথাযথভাবে মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

