Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণে বাধা, প্রকৌশলী-জনতাকে হত্যার হুমকি; গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি 
অক্টোবর ১, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি রাস্তা নির্মাণে সিডিউলবহির্ভূত নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বোদা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিম্নমানের ইটও জব্দ করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর বড়শশী ইউনিয়নের মহিষবাথান-ভাউলাগঞ্জ ভায়া নায়েকপাড়া মোড় পর্যন্ত ৭৪৭ মিটার কাঁচা রাস্তা পাকা করার কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ভাই বোন ট্রেডার্স’। চুক্তি অনুযায়ী কাজটি সাব-ঠিকাদার হিসেবে বাস্তবায়ন করছিলেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার ‘মেসার্স দুলাল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. শাহীনুর ইসলাম শাহীন (৩৩)।

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে বড়শশী ইউনিয়নের মৌলভীপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় নির্মাণাধীন রাস্তার দুই পাশের এজিংয়ে নিম্নমানের ও ৩ নম্বর ইট ব্যবহারের খবর পেয়ে বোদা উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান ও সার্ভেয়ার মো. হযরত আলী ঘটনাস্থলে যান।

অভিযোগ রয়েছে, নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি কর্মকর্তারা জানতে চাইলে সাব-ঠিকাদার শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি ও তাঁর সঙ্গে থাকা আরও ৫-৬ জন ব্যক্তি এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয়দের উদ্দেশে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

স্থানীয়রা এ ঘটনায় প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রকৌশলীরা বোদা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা সরে গেলেও শাহীনুর ইসলাম শাহীনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় বোদা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মো. হযরত আলী বাদী হয়ে বোদা থানায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় মামলা করেন। মামলাটি ৩০ সেপ্টেম্বর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) তপন কুমার রায় ঘটনাস্থলসংলগ্ন মো. মিনারুল ইসলামের বাড়ির খোলা জায়গা থেকে রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য রাখা ১০০ পিস নিম্নমানের ইট জব্দ করেন। ইটগুলোর গায়ে ‘MMR2’ লেখা রয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

বোদা উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমান বলেন, নিম্নমানের ইট দিয়ে এজিং করায় ঠিকাদারকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্কতা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা নিতে হয়েছে।

এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, সরকারি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং দায়িত্বে থাকা কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণের ঘটনায় মামলা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সরকারি কাজে বাধা, অর্থ অপচয়, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।