বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে একটি ডাইং কারখানায় চাকরিতে যোগ দিয়েছিল। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকার শ্যামপুরের একটি কারখানা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো—দাড়িয়াল গ্রামের নান্টু চৌকিদারের মেয়ে সুবর্ণা (১৪), সাইফুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (১৪) ও দেলোয়ার হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার (১৪)। তারা সবাই দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর তিন ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা স্কুলে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে হাফসা ও নাদিয়ার বাবা বাকেরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে তিন ছাত্রীর অবস্থান ঢাকায় শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের নির্দেশনায় এসআই নাজমুল মোল্লা ও এসআই সবিতা রানীর নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় শ্যামপুর এলাকায় অভিযান চালায়।
বৃহস্পতিবার সকালে শ্যামপুরের সোনিয়া ডাইং হাউস নামের একটি কারখানা থেকে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুবর্ণার প্রতিবেশী সুমি (৩০) ঢাকায় চাকরি করেন। পূর্বপরিচয়ের সূত্রে সুবর্ণার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ওই যোগাযোগের মাধ্যমে তিন ছাত্রী চাকরির উদ্দেশ্যে ঢাকায় যায়। পরে তারা সোনিয়া ডাইং হাউসে কাজে যোগ দেয় বলে জানা গেছে।
উদ্ধারের পর তিন ছাত্রীকে বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ তিন ছাত্রীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাকেরগঞ্জ থানা-পুলিশ কদমতলী থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

