আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তদের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আলোকসজ্জা এবং সিসিটিভি ক্যামেরা সচল থাকার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ বাবুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা।
ওসি এইচ এম শাহীন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সে জন্য দেবহাটা থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পুলিশের আগাম নিরাপত্তা তদারকি ও সশরীরে উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের ক্ষেত্রে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে ওসি এইচ এম শাহীন টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন।

