ফেনী প্রতিনিধি
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে প্রেষণে ফেনীতে এসআরবি-৭-এ কর্মরত ছিলেন।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় এসআরবি সদস্যরা সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশির পাশাপাশি অন্য একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে ট্রাকটি সংকেত অমান্য করে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সড়কের পাশে অবস্থানরত এসআরবি সদস্য আলমগীরকে চাপা দেয় ট্রাকটি। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, ‘দায়িত্ব পালনরত অবস্থায় গাড়িচাপায় আমাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

