নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার খঞ্জনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে খঞ্জনপুর থেকে সাপাহারের দিকে যাচ্ছিলেন শিক্ষক আবু সাঈদ। পথে একটি সিএনজির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আবু সাঈদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা দুর্ঘটনা ও শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

