মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দিনাজপুরের বিরামপুরে সভা, প্রচারপত্র বিতরণ ও মশার লার্ভা ধ্বংসে প্রতিষেধক ছিটানোর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামপুর পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পৌরশহরের ঢাকামোড়ে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষে জামায়াতের নেতাকর্মীরা ঢাকামোড়, অবসর সিনেমা মোড় ও পূর্বপাড়া এলাকায় দোকানি, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচারপত্র বিতরণ করেন। একই সঙ্গে রাস্তার পাশের ড্রেনে জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে প্রতিষেধক ছিটানো হয়।
প্রচারপত্রে জমে থাকা পানি অপসারণ এবং ফুলের টব, পুরোনো টায়ার, বালতি, বিভিন্ন পাত্র, পরিত্যক্ত বোতল ও কৌটাসহ এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, জেলা ইউনিট সদস্য এহসানুল হক, পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফিজুল ইসলাম বলেন, গত ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থে বিভিন্ন সমস্যা ও দুর্যোগ মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

