শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
‘নির্ভুল জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও খাদিজা আক্তার বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সঠিক পরিসংখ্যানের ভিত্তিতে রাষ্ট্রীয় পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যুনিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে শিশুর জন্মের পর নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ বছর জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে সন্তোষপুর ইউনিয়ন এগিয়ে থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

