মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীর মো. মনিরুল ইসলাম জাতীয় পর্যায়ে মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়। সেখানে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (রসায়ন) মো. মনিরুল ইসলাম জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
এর আগে ২০২৪ সালে শিক্ষক দিবস উপলক্ষে মনিরুল ইসলাম মাধ্যমিক পর্যায়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার তিনি জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেলেন।
মনিরুল ইসলাম মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের মোহাম্মদ আলী ও শাহিনা আক্তারের ছেলে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী শরীফা তামান্না ও একমাত্র পুত্রসন্তানকে নিয়ে বসবাস করছেন। তিনি ফরিদপুর খেলাঘরের সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলতাব হোসেনের জামাতা।
তার এ কৃতিত্বে মধুখালী উপজেলা শিক্ষক সমিতি ও খেলাঘর ফরিদপুরের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

