Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে: এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। তাদের দেশের সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, খেলাধুলা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, দেশে প্রায় ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এসব বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর জন্য সরকার কাজ করছে। ইতোমধ্যে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করা হয়েছে।

তিনি বলেন, “আমি কোটালীপাড়ায় কমপক্ষে দুটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি, এ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারব।”

প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, কোটালীপাড়া উপজেলায় প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধির জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, এ উদ্যোগ বাস্তবায়িত হবে।

পরে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এস এম জিলানী।

এ সময় তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, দর্শন ও আদর্শের চর্চা বাড়াতে সবাইকে কাজ করতে হবে। নজরুলের গান, কবিতা, আদর্শ ও দর্শনের চর্চা বাড়লে যুবসমাজ বিপথগামী হবে না বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।