কুষ্টিয়া প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুষ্টিয়া সফর এবং জনসভা সফল করতে দৌলতপুরে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ ও অধ্যাপক আতাউর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল করিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজীর আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম এবং জেলা ছাত্রদলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া আগমন ও জনসভা সফল এবং স্মরণীয় করে তুলতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয় ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা অংশ নেন।
উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরকালে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পরে বিকেলে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

