Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি, দুর্নীতি-অনিয়ম বেড়েছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ১৬, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বেড়েছে। নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে। অথচ বর্তমানে সমস্যাগুলো দ্বিগুণ হারে বেড়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা ছিল ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ প্রতিষ্ঠিত হয়েছে। হাসিনা সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে। এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু বর্তমান সরকারের সময়ে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানোর প্রবণতা দেখা যাচ্ছে।

মুসলিম বিশ্বের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাসুল (সা.)-এর আদর্শ উপেক্ষা করার কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ জামায়াতে ইসলামীকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে বলে তিনি দাবি করেন।

রুকনদের উদ্দেশে তিনি বলেন, কোরআনের আদর্শ বুকে ধারণ করে ইসলামী চেতনায় এগিয়ে যেতে হবে। নিজের নফস ও পরিবারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সমাজের মানুষের সঙ্গে ভালো আচরণ ও সম্মানজনক ব্যবহার করতে হবে। শুধু তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি; রাসুল (সা.)-এর উত্তম আচরণে মানুষ আকৃষ্ট হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করার জন্যই মানুষের সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সর্বাবস্থায় সুদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গাজীপুরের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস এ জেলায়। তাই আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতের নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে বিজয় অর্জনে কাজ করতে হবে। দেশ ও জাতিকে উদ্ধার করতে জামায়াতকে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাধা এলে লড়াই হবে এবং আল-কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনশা আল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, নির্বাহী সদস্য মাওলানা শাহজাহান ও মাওলানা দেলোয়ার হোসেন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ড. খলিলুর রহমান মাদানী, সাবেক জেলা আমির আবুল হাশেম খান এবং জেলা আমির ড. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া গাজীপুর মহানগর জামায়াতের মহিলা সেক্রেটারি আমেনা বেগম, নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেনসহ বিভাগীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।