সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আজ ১৬ অক্টোবর। ১৯৭১ সালের এই দিনে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের জয়রামপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেন। মাত্র ১৬ বছর বয়সে দেশকে স্বাধীন করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। আজ তাঁর ৫৫তম শাহাদতবার্ষিকী।
মহম্মদপুর উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নহাটার জয়রামপুরে সংঘটিত হয় ওই সম্মুখযুদ্ধ। যে স্থানে আবীর হোসেন শহীদ হন, সেখানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ।
শহীদ আবীর হোসেনের স্মৃতি ধরে রাখতে উপজেলার কাশিপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা সদরে ‘শহীদ আবীর পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর পাশাপাশি পরিবারের আরও চার ভাই মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন ও সোহরাব হোসেন জীবিত আছেন। অপর দুই ভাই বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন ও মো. দবীর হোসেন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।
মুক্তিযুদ্ধে অবদান রাখা এই পাঁচ ভাইয়ের পৈতৃক বাড়ি মহম্মদপুর উপজেলার কাশিপুর গ্রামে। তাঁদের পিতার নাম মৃত মুনছুর মোল্লা।
এদিকে, শহীদ আবীর হোসেনের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

