নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামে অগ্নিকাণ্ডে কৃষক রাজু মোল্যার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, ধান, পাট, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ রাজু মোল্যার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (১৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত রাজু মোল্যা জানান, আগুনে তাঁর সবকিছু পুড়ে গেছে। ছেলে-মেয়েদের পরার মতো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।
লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান সোমবার সকালে জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

