ফরিদপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে ও সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপে পৌঁছালে পূজারী ও পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।
এ সময় বিএনপি নেতা রেজাউল করিম, ব্যবসায়ী বাবুরাম কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার হোসেন শিথিলসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

