হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তাঁদের অভিযোগ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধার সন্তানদের মামলায় আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৯ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের বাড়ির সামনে আমবাগানে জ্বালানি কাঠ ও খড় রাখার একটি ঘরে অভিযান চালায় এসআরবি। এ সময় সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বক্তাদের দাবি, অভিযানের সময় মফিজ উদ্দীনের ছোট ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আটক করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁর মেজো ছেলে আল মামুনকেও আসামি করা হয়। তবে ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন বলে দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, স্বাধীন দেশের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে এভাবে মামলা হওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, আরিফ আলী টিসুসহ অন্যরা।
এদিকে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এক খুদে বার্তায় জানান, হেরোইন উদ্ধারের অভিযানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। নিয়ম মেনেই অভিযান পরিচালনা করা হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

