কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা গ্রামে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সাদিপুরা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। বক্তব্যে তিনি এ আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন। যাঁরা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না, তাঁদের বিনা মূল্যে বা সর্বোচ্চ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তিনি সবাইকে সুশিক্ষিত হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সহসভাপতি মো. সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সোহেল আহমেদ।
তিনি বলেন, সাদিপুরা সমাজ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির অবদান রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সমাজসেবক মাওলানা আলী আজম, ইয়াছিন খন্দকার, শিক্ষানুরাগী হেলাল মিঞা, সমাজসেবক বাক্যলাল সরকার, হাজী মাওলানা আব্দুল বারী, শিপন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন পাটোয়ারী, সাদিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন মানিক এবং শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এলাকার গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়।
সাদিপুরা সমাজ কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। অনুষ্ঠানে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আয়োজকেরা।

