ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত দিনমজুর মোহাম্মদ হানিফ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের বিয়ের খরচের জন্য হানিফ ঘরের আলমারিতে ২০ হাজার টাকা রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিলে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ করেন হানিফ। এতে তাঁরা ক্ষুব্ধ হন বলে পরিবারের দাবি।
গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন হানিফ। পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বেলায়েত হোসেন মামুন, তাঁর সহযোগী মো. শুভ ও রিয়াদসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

