সুনামগঞ্জ প্রতিনিধি
মাদক ও চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর প্রতিনিধি এম আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আহাদ ভূঁইয়ার সর্বোচ্চ শাস্তি ও জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি।
মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাসুম হেলালী, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হাবিবুল্লাহ হেলালী ও এম এ করিম লিলু, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, মুফতি আবু তাহের মিসবাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার এবং ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দীন সিহাবসহ অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোতালিবের ওপর হামলার ঘটনা গোটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করেছে। অভিযুক্ত আব্দুল আহাদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক অপরাধের রেকর্ড রয়েছে বলে দাবি করেন তাঁরা। অবিলম্বে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি এবং হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে সাংবাদিক মোতালিবের অফিসকক্ষে ঢুকে তাঁর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে আব্দুল আহাদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত আহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত সাংবাদিক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

