মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যশোরের মনিরামপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মনিরামপুর কেন্দ্রীয় মসজিদসংলগ্ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিদ্যুৎ।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আরিফুল ইসলাম আরিফ বলেন, “যুবদল গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি বিশ্বাসযোগ্য সংগঠন। আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণার। রাজপথের আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে পালন করতে হবে।”
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব বিল্লাল হুসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ূব আলী, রাসেল হুসাইন, মহিবুল আলম মামুনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতারা।
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

