ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপির আন্দোলনের প্রধান চালিকাশক্তি। দেশের গণতান্ত্রিক আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে খোরশেদ আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। আত্রাই উপজেলা যুবদল সুসংগঠিত ও শক্তিশালী। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক বখত্, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মিঠু ও ওবায়দুল হাসান টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী প্রাংসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

