সিলেট প্রতিনিধি
সিলেট মহানগরীর জালালাবাদ থানার লামাপাড়া এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলী ও মনোয়ারা বেগমের ছেলে শুকুর মিয়া (৪১) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া (৩৬)।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকিত মিয়ার নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও লামাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা কলমদর আলীর বাড়ির উত্তর পাশে শিবের বাজার-বাগজোর-কোম্পানীগঞ্জ সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৮ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা ছিল। মাদক পরিবহনে ব্যবহৃত সিলেট-থ-১১-২৮১০ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এসএমপি মিডিয়া সেল জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জালালাবাদ থানায় মামলা করা হয়েছে। পরে আটক দুজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

