মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে প্রাণ হারানো দুই শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন তাঁর কার্যালয়ে নিহত দুই শিশুর বাবার হাতে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন।
সহায়তা পাওয়া পরিবার দুটি হলো উপজেলার দারিয়ালা গ্রামের মোস্তাক শেখ ও মোস্তাইন শেখের পরিবার। নিহত শিশু সামিয়া (৯) মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাতী (১০) মোস্তাইন শেখের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু দুটি। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সরকারের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা শোকসন্তপ্ত পরিবার দুটির কিছুটা হলেও উপকারে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

