শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক পরিদর্শক প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
এ সময় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, সাবেক ছাত্রশিবির নেতা মো. কামরুল ইসলাম, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. শিপন মুন্সি, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিমন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

