কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে চাচা-ভাতিজার গোয়ালঘর থেকে ১২ লাখ টাকা মূল্যের আটটি গরু চুরি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে আরমান মেম্বার ও তাঁর ভাতিজা সাইফুল মোল্লা। তাঁদের মধ্যে আরমান মেম্বারের দুটি এবং সাইফুল মোল্লার ছয়টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে গাভি, ষাঁড় ও বকনা রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তাঁরা ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে গোয়ালে গরু দেখতে পেলেও ফজরের নামাজের সময় গিয়ে সেগুলো আর পাওয়া যায়নি। পরে আশপাশে খোঁজাখুঁজি করে মাটিতে গরুর পায়ের ছাপ অনুসরণ করে রাস্তা পর্যন্ত যান তাঁরা। সেখানে ট্রাকের চাকার চিহ্ন দেখতে পান। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

