কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্তসংলগ্ন মোহাম্মাদপুর মাঠে অভিযান চালিয়ে মো. সুভেল (২৬) নামে এক যুবককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ১০ বোতল মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার খেজমত মন্ডলের ছেলে।
একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ বোতল মদ ও ৯৯৮ পিস চকলেট বাজি উদ্ধার করে। রাত ১২টা ৫৫ মিনিটে প্রাগপুর বিওপির টহল দল প্রাগপুর চুলকানির ঘাট এলাকা থেকে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এ ছাড়া রাত ৭টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সাইদুর ইসলাম (৪০) নামে একজনকে আটক করে। তাঁর কাছ থেকে ভারতীয় এক বোতল ফেয়ারডিল সিরাপ ও তিন বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। তিনি কাজিপুর বর্ডারপাড়া এলাকার মো. আব্দুল আজিজের ছেলে।
অন্যদিকে, রাত ১১টা ৩০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির টহল দল তেঁতুলবাড়ি মোল্লাপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও তিন হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

