কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. জাহাঙ্গীর আলম।
এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত মিড-ডে-মিল দোকান থেকে কুপনের মাধ্যমে নিজেদের পছন্দমতো স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ, মহিলা সদস্য সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের আটটি বিভাগের আটটি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। খুলনা বিভাগের একমাত্র নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিটি চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

