মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রোববার দুপুরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) ও মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অবস্থান নেয়।
দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাঁরা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

