কুষ্টিয়া প্রতিনিধি
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ জানান বক্তারা।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের এনএস রোডে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. রফিকুল আলম টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব শফিউল ইসলাম মজনু, সদর থানা কমান্ডার জয়নাল আবেদিন ও সদস্যসচিব মোশাররফ হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

