মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতীতে ১২ হাজার টাকা অগ্রিম নেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, ৫০ হাজার টাকা দাবি এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে রমজান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি স্থানীয় বিএনপি নেতা আমোদ শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী দেবু শিকদার নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যোগানীয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দেবু শিকদার নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামের বাসুদেব শিকদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রমজান শেখের ট্রলি চালানোর সময় দেবু শিকদার ১২ হাজার টাকা অগ্রিম নেন। পরে শারীরিক অসুস্থতা ও বাবার দেখাশোনার কারণে ট্রলি চালানো বন্ধ করে দেন এবং বিকল্প চালকের ব্যবস্থা করেন। গত ৩০ অক্টোবর রমজান শেখ তাঁকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে অগ্রিম নেওয়া ১২ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন দেবু।
ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর রমজান শেখ মুঠোফোনে দেবু শিকদারের বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রমজান শেখ। মুঠোফোনে তিনি বলেন, “এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে মারধর করা হয়নি। আমার কিছু পাওনা টাকা সে পরে দেবে বলায় তারই সম্মতিতে স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

